চিকিৎসা শুরু হয়েছে , তবে ভালো নেই সেই নাসরিন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

নাসরিন এখন রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি। শরীরে দ্রুত টিউমার ছড়িয়ে পড়ছে ১৭ বছরের এই কিশোরীর। হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। এখন হুইলচেয়ারই ভরসা। আজ বুধবার খাদিজা আক্তার নাসরিনের মা নাজমা বেগম প্রথম আলোকে মেয়ের শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য জানান।

নাজমা বেগম প্রথম আলোকে বলেন, আজ দুপুরে নাসরিনের প্রথম কেমোথেরাপি শুরু হয়েছে। ৩ জুলাই তাকে ভর্তি করা হয়েছে ক্যানসার হাসপাতালে। এরপর তাকে পাঁচটি রেডিয়েশন থেরাপি দেওয়া হয়।

ক্যানসার আক্রান্ত ১৭ বছর বয়সী খাদিজা আক্তার নাসরিনকে নিয়ে গত ১৭ জুন ঈদুল আজহার দিন প্রথম আলো অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয় ‘বিশ্বাস হচ্ছে না, আমার জীবনে এটাই হয়তো শেষ ঈদ’ শিরোনামে। এরপর অসহায় এ পরিবারের কিশোরী মেয়েটির চিকিৎসার জন্য মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এগিয়ে আসেন সংবেদনশীল অনেক মানুষ।

নাসরিনের মা নাজমা বেগম জানিয়েছেন, প্রথম আলোর প্রতিবেদনের পর তিনি নগদ ৫ লাখ টাকার মতো সাহায্য পেয়েছেন। এর মধ্যে একটি ব্যাংক থেকে এক লাখ টাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একজন শিক্ষকের মাধ্যমে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা পেয়েছেন। মেয়ে যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই মা।

আরও পড়ুন

News Hub